আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু
কারণ অনুসন্ধানে সার্বিক সহযোগিতার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের

সংগৃহীত ছবি
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঘটনার কারণ অনুসন্ধানে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে সার্বিক সহযোগিতা করছে তারা এবং চলছে অভ্যন্তরীণ তদন্তও।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ মে রাত ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২-এ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চালু থাকলেও সেগুলো বন্ধের অনুরোধ জানান একাধিক নবজাতকের মা। পরে এসি বন্ধ করে দেন কর্তব্যরত নার্সরা। পরে রাত ৩টার দিকে আবার এসি চালু করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রাত ৪টার দিকে এক নবজাতক অস্বাভাবিকভাবে কান্না শুরু করলে তাকে দ্রুত নবজাতক শিশুর পরিচর্যা কেন্দ্র নেওয়া হয় এনআইসিইউতে। পরে পর্যায়ক্রমে আরও পাঁচ শিশুকে সেখানে নেওয়া হয়। সকাল ৬টার দিকে প্রথম শিশুটির মৃত্যু হয়। এরপর সকাল ৬টা থেকে ৯টার মধ্যে আরও পাঁচ নবজাতকের মৃত্যু ঘটে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই ওয়ার্ডে সদ্য সন্তান জন্ম দেওয়া মায়েরা নবজাতকসহ অবস্থান করছিলেন এবং রাতের বেলায় দায়িত্বে ছিলেন তিনজন নার্স।
ঘটনার পরপরই হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং পুলিশ প্রশাসনের সদস্যরা হাসপাতালে অবস্থান করে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানানো হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, ‘এ ধরনের মর্মান্তিক ও দুঃখজনক দুর্ঘটনা কেন ঘটল, সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিকভাবে সহযোগিতা করছে।’
তারা আরও উল্লেখ করেন, অভ্যন্তরীণ তদন্তে কারও গাফিলতি বা ত্রুটি শনাক্ত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ ঘটনায় সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।






