জেসিআইর ২০২৭ সালের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ
- ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার দায়িত্ব পালন করবেন তিনি

বাংলাদেশের উদ্যোক্তা ও তরুণ সংগঠক কাজী ফাহাদ
ফিলিপাইনের ক্লার্কে অনুষ্ঠিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) ওয়ার্ল্ড কংগ্রেসে ২০২৭ সালের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের উদ্যোক্তা ও তরুণ সংগঠক কাজী ফাহাদ। নতুন দায়িত্বে তিনি ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার জেসিআই ন্যাশনাল অর্গানাইজেশনগুলোর সঙ্গে কাজ করবেন। ১৪ নভেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনের মধ্য দিয়ে আন্তর্জাতিক যুব নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্বের নতুন সুযোগ তৈরি হয়েছে।
কাজী ফাহাদ ২০২৫ সালে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ২০২৬ সালের জেসিআই গ্লোবাল হিউম্যান ডিউটিজের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৮ সালে জেসিআইয়ে যোগ দেওয়ার পর থেকে সংগঠনটির বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০২০ সালে জেসিআই ঢাকা এন্ট্রাপ্রেনিউরসের লোকাল প্রেসিডেন্ট, ২০২২ সালে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, ২০২৩ সালে ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ২০২৪ সালে ন্যাশনাল ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন। এর ধারাবাহিকতায় ২০২৫ সালে সংগঠনটির ন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচিত হন।
তার নেতৃত্বের এই পথচলায় অভিজ্ঞ নেতাদের দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২১ সালের ন্যাশনাল প্রেসিডেন্টের উৎসাহ তাকে জেসিআইয়ের সঙ্গে যুক্ত থাকতে এবং আরও বড় দায়িত্ব গ্রহণে অনুপ্রাণিত করে।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় কাজী ফাহাদ বলেন, ‘জেসিআই আমাকে গড়ে তুলেছে, বদলে দিয়েছে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে ও দেশের সীমানা পেরিয়ে স্বপ্ন দেখতে শিখিয়েছে। আমার প্রতি আস্থা ও সমর্থনের জন্য জেসিআই বাংলাদেশ, সাবেক প্রেসিডেন্টবৃন্দ, আমার পথপ্রদর্শক এবং সহযোদ্ধা সদস্যদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। কেউ একজন আমার জন্য সুযোগের দরজা খুলে দিয়েছিলেন। আমিও অন্যদের জন্য আরও সুযোগ তৈরি করতে চাই।’
২০২৭ সালের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত পাঁচ দেশের ন্যাশনাল অর্গানাইজেশনগুলোর কার্যক্রমে সহায়তা, নেতৃত্বের বিকাশ এবং আন্তদেশীয় অংশীদারত্ব বাড়াতে কাজ করতে চান তিনি। পাশাপাশি তরুণ সদস্যদের আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জন ও নেতৃত্বের দায়িত্ব নেওয়ার সুযোগ তৈরি করাও তার অন্যতম লক্ষ্য।
জেসিআইয়ের বাইরেও উদ্যোক্তা হিসেবে পরিচিত কাজী ফাহাদ। তিনি ২০১১ সালে প্রতিষ্ঠিত রপ্তানিমুখী গার্মেন্টস অ্যাকসেসরিজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কাজী প্রিন্টিং অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া করপোরেট উপহার ও প্রচারসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান করপোরেট বক্সও তার ব্যবসায়িক উদ্যোগ। ১৩ বছরের বেশি সময়ের উদ্যোক্তা জীবনে বাংলাদেশের রপ্তানি খাতে অবদানের জন্য স্বীকৃতি পেয়েছেন তিনি।
কাজী ফাহাদ বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যালায়েন্সের (বায়লা) ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ২০২৬-২০২৮ মেয়াদে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমইএ) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
নিজের উদ্যোক্তা জীবনে প্রয়াত বড় বোনের দিকনির্দেশনা ও উৎসাহকে গুরুত্বপূর্ণ প্রেরণা হিসেবে দেখেন কাজী ফাহাদ। ক্রিকেটপ্রেমী এই উদ্যোক্তা কাজী কিংসের স্বত্বাধিকারী। খেলাধুলা ও নেতৃত্বের ক্ষেত্রে দলগত প্রচেষ্টা, শৃঙ্খলা এবং প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতাকে বিশেষ গুরুত্ব দেন তিনি।
আন্তর্জাতিক পর্যায়ে নতুন এই দায়িত্বের মাধ্যমে বাংলাদেশের আরও বেশি তরুণকে বিশ্বপরিসরে নেতৃত্ব দিতে অনুপ্রাণিত করতে চান কাজী ফাহাদ। একই সঙ্গে আগামী প্রজন্মের জন্য নতুন সুযোগ তৈরির প্রত্যাশা তার।




