জার্মান প্রতিনিধি দলের এমআইইজেড পরিদর্শন
- বড় বিনিয়োগের সম্ভাবনা

মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন পরিদর্শন করেছে জার্মানির ফেডারেল পার্লামেন্ট ‘বুন্দেসটাগ’র উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল
মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) পরিদর্শন করেছে জার্মানির ফেডারেল পার্লামেন্ট ‘বুন্দেসটাগ’র একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল। এতে জার্মানি ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্প সহযোগিতা আরও গভীর ও সম্প্রসারিত হবে।
আজ শুক্রবার নারায়ণগঞ্জে অবস্থিত শিল্প অঞ্চলটি পরিদর্শনের সময় প্রতিনিধি দলকে অভ্যর্থনা ও স্বাগত জানান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল।
জার্মান পার্লামেন্টের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংসদ সদস্য নিকলাস কাপে। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কর্নেল (অব.) গেরল্ড অটেন, সংসদ সদস্য ইয়োহান সাটহফ এবং সংসদ সদস্য উরসুলা শাওস। এ ছাড়া বুন্দেসটাগ প্রশাসনের সহায়ক কর্মকর্তা আনিয়া কাটেরিনা এলিজাবেথ বিনার্ট প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎস, ঢাকায় জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ড্যানিয়েল ব্লুম, ইকোনমিক অ্যাটাশে অলগা নভিকোভ ভিনেন, হেড অব পলিটিকাল, প্রেস অ্যান্ড কালচার মনিকা রয়টার, পলিটিকাল অ্যান্ড প্রেস অফিসার মিফতাহুল জান্নাত এবং ইকোনমিক অ্যাফেয়ার্স অফিসার মেহরাব বিন তারেক।
পরিদর্শনকালে প্রতিনিধি দলটিকে এমআইইজেডের অবকাঠামো ও সুযোগ-সুবিধা ঘুরিয়ে দেখানো হয়। বিশেষ করে এই জোনে সফলভাবে পরিচালিত দুটি শীর্ষস্থানীয় জার্মান কারখানা—'সিএইচটি বাংলাদেশ লিমিটেড' এবং 'সিগওয়ার্ক বাংলাদেশ লিমিটেড'র উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন প্রতিনিধিরা।
মেঘনা গ্রুপের বেশিরভাগ কারখানাতেই জার্মানিতে তৈরি আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়, যা দুই দেশের দীর্ঘদিনের শিল্প সম্পর্কের এক উজ্জ্বল উদাহরণ।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলের নেতা ও জার্মান সংসদ সদস্য নিকলাস কাপে বলেন, একই শিল্পাঞ্চলে খাবার পানি, খাদ্যপণ্য, স্টিল উৎপাদন, টেক্সটাইল ও রঙের মতো বহুমুখী খাতের কারখানা ও উৎপাদন ব্যবস্থা সত্যিই প্রশংসনীয়। সংসদীয় মৈত্রী দলের সদস্য হিসেবে আমাদের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় রাখা এবং ভবিষ্যতের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি শক্তিশালী করা।
মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে ভবিষ্যতে আরও জার্মান বিনিয়োগ আসবে কি না এমন প্রশ্নের জবাবে ইতিবাচক মন্তব্য করে নিকলাস কাপে বলেন, আমরা এখানকার বাস্তব চিত্র ও আলোচনার ইতিবাচক অভিজ্ঞতা জার্মানিতে গিয়ে তুলে ধরব এবং জার্মান উদ্যোক্তাদের বলব—বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি অত্যন্ত সম্ভাবনাময় ও চমৎকার দেশ।
প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, জার্মানি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী। আমাদের এই দ্বি-পাক্ষিক সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছে অবকাঠামো, স্বাস্থ্য ও জ্বালানি খাতের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নে কয়েক দশকের যৌথ সহযোগিতার ওপর। এমআইইজেড হচ্ছে দেশের সবচেয়ে আধুনিক ও প্রিমিয়াম বেসরকারি অর্থনৈতিক জোন, যেখানে নিরবচ্ছিন্ন ইউটিলিটি সরবরাহ (বিদ্যুৎ, গ্যাস ও পানি), আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা (ইটিপি), পরিবেশবান্ধব পরিবেশ ও নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ আন্তর্জাতিক মানের সকল অবকাঠামোগত সুবিধা রয়েছে।
জার্মান শিল্প উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে তিনি আরও আশ্বাস দেন, নতুন বিনিয়োগকারীদের দ্রুত কার্যক্রম শুরু করা এবং পরিচালনাগত সকল ধরনের সহায়তা প্রদান করতে এমজিআই সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
বর্তমানে এমআইইজেডে জার্মানি, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, জাপান, ভারত, চীন, বেলজিয়াম এবং যুক্তরাষ্ট্রসহ মোট ৯টি দেশের ১৫টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদের কারখানা স্থাপন করে সফলভাবে উৎপাদন পরিচালনা করছে।
এমআইইজেডের এই সফলতার ধারাবাহিকতায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও দুটি নতুন আধুনিক বেসরকারি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে—'কুমিল্লা ইকোনমিক জোন' এবং 'তিতাস ইকোনমিক জোন'।



