বাংলাদেশ-ইউনান দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে ঢাকায় বৈঠক

সংগৃহীত ছবি
বাংলাদেশ ও চীনের ইউনান প্রদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে সফরত এক চীনা প্রতিনিধিদলের সঙ্গে ঢাকায় দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ।
বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করা, নতুন বাজারের সম্ভাবনা তৈরি করা এবং পারস্পরিক বাণিজ্যের সুযোগ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইউনান প্রাদেশিক বাণিজ্য বিভাগের প্রতিনিধিদলে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন খাতের প্রতিনিধি, ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নেন। আলোচনায় ইউনান ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের সরকারি সংস্থা, বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ও বেসরকারি খাতের সরাসরি যোগাযোগ বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।
প্রতিনিধিদলের প্রতিনিধিরা বাংলাদেশের বাজার অনুসন্ধান, স্থানীয় এজেন্ট বা পরিবেশক নিয়োগ, কৃষি ও কৃষিজাত পণ্য আমদানি-রপ্তানি, লজিস্টিকস সেবা এবং চট্টগ্রাম বন্দরসহ বাংলাদেশের বাণিজ্যিক অবকাঠামোর সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।
এ ছাড়া বাংলাদেশে নির্মাণ সামগ্রী, প্রকৌশল পণ্য ও কৃষি যন্ত্রপাতির চাহিদা যাচাই, স্থানীয় প্রদর্শনী ও বাণিজ্য কেন্দ্র পরিদর্শন, লজিস্টিকস নেটওয়ার্ক গড়ে তোলা এবং কৃষি ও হালকা শিল্পজাত পণ্য রপ্তানি বাড়ানোর প্রস্তাব দেয় ইউনান প্রাদেশিক বাণিজ্য বিভাগ। সেই সাথে বাংলাদেশের তৈরি পোশাক ও বিশেষায়িত কৃষিপণ্যের সাথে ইউনানের স্থানীয় পণ্যের একটি বাণিজ্যিক মেলবন্ধন বা সংযোগ তৈরির বিষয়টিও আলোচনায় স্থান পায়।
ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও কার্যকর করতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যবসায়ী থেকে ব্যবসায়ী (B2B) সরাসরি যোগাযোগ, বাজার সংযোগ এবং বাণিজ্যিক অংশীদারিত্ব বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
বৈঠক শেষে উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে দ্বিপাক্ষিক যোগাযোগ অব্যাহত রাখার এবং দুই অঞ্চলের ব্যবসায়ীদের মধ্যে সুদৃঢ় সংযোগ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।



