সুদ পরিশোধেই যাবে বড় অঙ্ক

আগামী ২০২৬-২৭ অর্থবছরের দেশি ও বিদেশি ঋণের সুদ পরিশোধেই যাবে বাজেটের বড় অঙ্ক। এজন্য বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা। এই আকার চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় বেশি। তবে সংশোধিত বাজেটের সমান। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এসব তথ্য তুলে ধরেছেন।
আগামী অর্থবছরের সুদ বাবদ মোট যে বরাদ্দ রাখা হয়েছে এর মধ্যে অভ্যন্তরীণ (দেশীয়) ঋণের সুদ পরিশোধে যাবে ১ লাখ ৫ হাজার কোটি টাকা। এ ছাড়া বৈদেশিক ঋণের সুদ পরিশোধে খরচ হবে ২২ হাজার ৫০০ কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটে সুদ পরিশোধ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ২২ হাজার কোটি টাকা। কিন্তু বাজেট সংশোধনের সময় বরাদ্দ বাড়িয়ে ধরা হয় ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা। এক্ষেত্রে বাজেটের তুলনায় সংশোধিত বাজেটে সুদ পরিশোধে বরাদ্দ বেড়ে যায় সাড়ে ৫ হাজার কোটি টাকা।
অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধে যাবে ১ লাখ ৫ হাজার কোটি টাকা। এ ছাড়া বৈদেশিক ঋণের সুদ পরিশোধে খরচ হবে ২২ হাজার ৫০০ কোটি টাকা
বিশেষজ্ঞরা বলছেন, সুদ পরিশোধের চাপ বাড়তেই থাকবে দিন দিন। কেননা, একদিকে দেশীয় সুদের হার বেশি হওয়ায় অভ্যন্তরীণ সুদ বেশি পরিশোধ করতে হবে। অন্যদিকে মেগা প্রকল্পগুলো বৈদেশিক ঋণের রেয়াতকাল শেষ হয়ে যাওয়ায় এরই মধ্যে শুরু হয়েছে কিস্তি পরিশোধ। ফলে বেড়ে গেছে বৈদেশিক ঋণের চাপ।




