একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে পারবেন প্রয়োজনমতো
- ১ সেপ্টেম্বর থেকে কার্যকর
- শুধু ব্যক্তিগ্রাহকদের মূলধন ফেরতের সিদ্ধান্ত
- মুনাফার ওপর ‘হেয়ার কাট’ বাতিল
- গ্রাহকদের জানানো হয়েছে টাকা উত্তোলনের নির্দেশনা

গ্রাফিকস: আগামীর সময়
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূত পাঁচ ব্যাংকের ব্যক্তিপর্যায়ের গ্রাহকরা আগামী ১ সেপ্টেম্বর থেকে মূলধন নিজেদের চাহিদামতো তুলতে পারবেন। একই সঙ্গে আমানতকারীদের মুনাফার ওপর কোনো ‘হেয়ার কাট’ বা কর্তনের নিয়ম থাকছে না।
গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠক হয়। সেখানে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল।
বৈঠকে গভর্নর বলেছেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো ‘হেয়ার কাট’ থাকবে না বলে ঘোষণা দিলেও, এ বিষয়ে আমানতকারীদের মধ্যে কিছু অস্পষ্টতা রয়েছে। তাই সম্মিলিত ইসলামী ব্যাংকের সব আমানতকারীকে স্পষ্টভাবে জানাতে হবে, আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ার কাট থাকবে না।
গভর্নরের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১১তম সভা হয়েছে। সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আশ্বস্ত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। তখন হেয়ার কাট বাতিলসহ আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীদের জন্য প্রয়োজন অনুযায়ী আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ তোলার সুবিধা কার্যকরের পদক্ষেপ নেওয়ার
সিদ্ধান্ত হয়।
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান আগামীর সময়কে জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে, ‘সেজন্য বোর্ড করেছে। সেখানে ১ সেপ্টেম্বর থেকে যাতে ব্যক্তি হিসাবধারীরা টাকা তুলতে পারেন, সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা নিয়ে আলোচনা হয়েছে। তবে কোনো করপোরেট গ্রাহক টাকা তুলতে পারবেন না। তাদের টাকা ফেরতের বিষয়ে কোনো নির্দেশনা গভর্নর দেননি। আমরা তো কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের বাইরে যেতে পারি না।’
গত বছরের ২৯ ডিসেম্বরের ঘোষিত স্কিম অনুযায়ী এর মধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী তুলতে পারবেন।
সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্মিলিত ইসলামী ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে।
চলতি বছরের ১৪ জানুয়ারি একীভূত পাঁচ ব্যাংকের হেয়ার কাট বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সেদিন পাঁচ ব্যাংকের প্রশাসককে চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংক জানায়, আমানতকারীরা ২০২৪-২৫ সালের স্থিতির ওপর মুনাফা পাবেন না; কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী তারা মুনাফা পাবেন। তবে আপাতত মূলধনের অর্থ ফেরত পাবেন। আর মুনাফা নতুন সঞ্চয় হিসাবে দেখানো হবে।
আন্তর্জাতিক রীতি মেনে আমানতকারীদের দুই বছরের মুনাফা ‘হেয়ার কাট’ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। ফলে আমানতকারীদের আমানতের একটি অংশ কেটে রাখা বা হেয়ার কাট কার্যকর করা হয়।
বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ফলে ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীদের জন্য ব্যাংকটির স্বাভাবিক লেনদেনের পরিধি আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশ্বের বিভিন্ন দেশে এ রীতি থাকলেও আমানতকারীরা শুরু থেকেই এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছেন। শেষমেশ গতকাল এ নিয়ম প্রত্যাহার করা হলো।






