বড় ঋণের ছাড়ে লাগামহীন খেলাপি

গ্রাফিকস: আগামীর সময়
রাজনৈতিক প্রভাব, পরিচালকদের পছন্দের গ্রাহককে ঋণ বিতরণ, জামানত যাচাইয়ে দুর্বলতা এবং ব্যাংকারদের জবাবদিহির অভাবে ব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়ছে। এর মধ্যে বড় ঋণগ্রহীতাদের বারবার নীতিগত ছাড় ও বিশেষ সুবিধা দেওয়ায় ঋণ আদায় আরও বাধাগ্রস্ত হচ্ছে। পুনঃতফসিল, সুদ মওকুফ ও এককালীন পরিশোধের সুযোগ দিয়েও খেলাপি ঋণ কমানো যাচ্ছে না। বরং আদালতের স্থগিতাদেশ পাওয়া ঋণখেলাপিদেরও নতুন ঋণ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে গত সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ।
বিশ্লেষকদের মতে, ইচ্ছা করা খেলাপিরা বারবার নীতিগত ছাড় ও নতুন সুবিধা পাওয়ায় ঋণ পরিশোধে আগ্রহ হারাচ্ছেন। এ অবস্থায় শুধু ঋণগ্রহীতাদের সুবিধা দিয়ে খেলাপি ঋণ কমানো সম্ভব নয়। বরং ঋণ অনিয়মের সঙ্গে জড়িত ব্যাংকারদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। পাশাপাশি সমঝোতা ও সালিশের মাধ্যমে বন্ধকি সম্পদ বিক্রি করে ঋণ আদায়ের উদ্যোগ নিতে হবে। ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান না নিলে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরবে না।
খেলাপি ঋণ কমাতে যত ছাড়
খেলাপি ঋণ কমাতে কয়েক বছরে বিভিন্ন ধরনের নীতিগত ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৪ সালের ৫ আগস্টের পর সংকটে পড়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে বিশেষ পুনর্গঠন সুবিধা চালু করা হয়। এজন্য ২০২৫ সালের জানুয়ারিতে একটি কমিটি গঠন করা হয়। এ সুবিধার আওতায় প্রায় ১ হাজার ২০০টি আবেদন জমা পড়ে। ৫০ কোটি টাকার বেশি ঋণ থাকা বড় গ্রাহকদের মাত্র ১ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ৫ থেকে ১৫ বছর মেয়াদে ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হয়। পাশাপাশি সর্বোচ্চ তিন বছর পর্যন্ত গ্রেস পিরিয়ডের সুবিধাও রাখা হয়।
২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আর্থিকভাবে বিপর্যস্ত প্রতিষ্ঠানের জন্য আরেকটি নীতিমালা করা হয়। এতে ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ঋণ পরিশোধ এবং দুই বছর পর্যন্ত গ্রেস পিরিয়ডের সুযোগ রাখা হয়। পরে ২০২৬ সালের ৩১ আগস্ট এক হাজার কোটি টাকা বা তার বেশি ঋণ থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ১৫ বছর মেয়াদে ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হয়। আগে বিশেষ সুবিধা নেওয়া গ্রাহকদেরও নতুন করে এ সুবিধা পাওয়ার সুযোগ রাখা হয়েছে।
সাধারণ ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। আগে সাড়ে ৪ শতাংশের মতো ডাউন পেমেন্ট দিয়ে সর্বোচ্চ সাত বছর মেয়াদে ঋণ পুনঃতফসিলের সুযোগ ছিল। নতুন ব্যবস্থায় ডাউন পেমেন্ট কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। এর মধ্যে আবেদনের সময় ১ এবং পুনঃতফসিল কার্যকর হওয়ার পর ছয় মাসের মধ্যে বাকি ১ শতাংশ পরিশোধের সুযোগ রয়েছে।
এ ছাড়া এককালীন ঋণ পরিশোধের সুবিধাও কয়েক দফায় সহজ করা হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে চালু হওয়া এ সুবিধায় প্রথমে ১০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে দুই বছরের মধ্যে ঋণ পরিশোধের সুযোগ ছিল। পরে ডাউন পেমেন্ট কমিয়ে ৫ শতাংশ করা হয় এবং পরিশোধের সময় বাড়ানো হয়।
২০২৬ সালের ২৯ জুন বিশেষ এককালীন নিষ্পত্তি সুবিধা চালু করা হয়। এতে নির্দিষ্ট শর্তে ঋণের আসল টাকা একবারে পরিশোধ করলে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি ঋণ অবলোপনের শর্তও শিথিল করা হয়েছে। ২০২৫ সালের ১৯ অক্টোবর জারি করা সার্কুলারে টানা দুই বছর মন্দমানে শ্রেণীকৃত থাকার শর্ত শিথিল করে ৩০ দিনের নোটিসে ঋণ অবলোপনের সুযোগ দেওয়া হয়।
সবশেষে আদালতের স্থগিতাদেশ থাকা ঋণখেলাপিদেরও নতুন ঋণ পাওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
গত সপ্তাহে এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, আদালতের স্থগিতাদেশ থাকা ঋণখেলাপিরাও অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধারে ঘোষিত ৬০ হাজার কোটি টাকার ১৫টি প্রণোদনা স্কিম থেকে ঋণ সুবিধা পাবেন। এর বাইরে সাম্প্রতিক সময়ে চারটি শিল্পগোষ্ঠীর ৯টি খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ বিবেচনায় নতুন ঋণ ও ঋণপত্র খোলার সুযোগ দেওয়া হয়েছে।
সাবেক অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ আগামীর সময়কে বলেছেন, বড় খেলাপিদের অনেকের ঋণ পরিশোধের সক্ষমতা থাকলেও নানা কৌশলে তারা ঋণ শোধ করছেন না। উল্টো নতুন ঋণ পাচ্ছেন। এ ধারা চলতে থাকলে খেলাপি ঋণ কমবে না। এ সংস্কৃতি থেকে বেরিয়ে কেন্দ্রীয় ব্যাংককে খেলাপিদের বিষয়ে কঠোর হতে হবে। নীতিমালা শিথিল না করে বরং কড়াকড়ি করতে হবে। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ আদায়ে জোর তাগাদা দিতে হবে এবং নিয়মিত হালনাগাদ তথ্য নিয়ে ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম আগামীর সময়কে বলেছেন, ঋণ আদায়ে নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে এবং খেলাপিদের জন্য এক্সিট পলিসি দেওয়া হয়েছে। এর ফলাফল মূল্যায়নে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। তবে বড় অঙ্কের খেলাপি ঋণের পরিস্থিতির উন্নতি ঘটাতে কঠোর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৬ হাজার ৬৫৫ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। একই সময়ে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। ফলে তিন মাসে খেলাপি ঋণের হার ৩২ দশমিক ৭৮ থেকে বেড়ে ৩৩ দশমিক ৮০ শতাংশে উঠেছে। অর্থাৎ ঋণের পরিমাণ বাড়ার পাশাপাশি ব্যাংক খাতে খেলাপি ঋণের অনুপাতও ক্রমাগত বাড়ছে।



