প্রাইম ব্যাংকের মুনাফায় বড় লাফ, লভ্যাংশ ঘোষণা ৩০ শতাংশ

সংগৃহীত ছবি
বিনিয়োগকারীদের জন্য ২০২৫ অর্থবছরের আকর্ষণীয় ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে দেশের বেসরকারি খাতের অন্যতম শক্তিশালী ব্যাংক ‘প্রাইম ব্যাংক পিএলসি’। ব্যাংকটির পরিচালনা পর্ষদ সমাপ্ত বছরের জন্য সুপারিশ করেছে মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড (২৫্% ক্যাশ এবং ৫% স্টক)।
আজ সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত পর্ষদ সভায় নেওয়া হয় এ সিদ্ধান্ত।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২১ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে আহ্বান করা হয়েছে বার্ষিক সাধারণ সভা। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ এপ্রিল।
ব্যাংকটির প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, প্রায় প্রতিটি সূচকেই উন্নতি হয়েছে অভাবনীয়। শেয়ার প্রতি আয় ২৪.২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭ টাকা ৮৪ পয়সায় দাঁড়িয়েছে যা ২০২৪ অর্থবছরে ছিল ৬ টাকা ৩১ পয়সা। যার প্রতি সম্পদ বেড়েছে ১৯.৬৯ শতাংশ। সবচেয়ে বেশি বেড়েছে শেয়ার প্রতি নগদ প্রবাহ। যা বৃদ্ধি পেয়েছে প্রায় ২ হাজার শতাংশ। ২০২৪ সালে ছিল ২ টাকা ৮৩ পয়সা সেখানে ২০২৫ অর্থবছরে দাঁড়িয়েছে ৫৮ টাকা ৭ পয়সা।
ব্যাংক কর্তৃপক্ষের মতে, তিনটি কারণে তাদের মুনাফায় অর্জিত হয়েছে এই বড় প্রবৃদ্ধি। যার মধ্যে—
সুদ ও বিনিয়োগ আয় : দক্ষ ফান্ড ম্যানেজমেন্টের কারণে সুদ এবং বিনিয়োগ থেকে আয় বেড়েছে উল্লেখযোগ্য হারে।
ব্যয় নিয়ন্ত্রণ ও ট্যাক্স : প্রভিশন সংরক্ষণ এবং ট্যাক্স সংক্রান্ত জটিলতা কমিয়ে আনায় শক্তিশালী হয়েছে নিট মুনাফা।
ক্যাশ ফ্লো বিস্ফোরণ : আমানত সংগ্রহ এবং ঋণ কার্যক্রমের ভারসাম্য বজায় থাকায় অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) ২.৮৩ টাকা থেকে বেড়ে ৫৮.০৭ টাকায় দাঁড়িয়েছে, যা অত্যন্ত বিরল ও ইতিবাচক।
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে নগদ টাকা হাতে থাকতেও কেন দিতে হলো স্টক ডিভিডেন্ট। ব্যাংক জানিয়েছে, ব্যাসেল-৩ অনুযায়ী ব্যাংকের মূলধন পর্যাপ্ততা (Capital Adequacy) বজায় রাখা এবং ভবিষ্যতে বড় প্রজেক্টে অর্থায়নের সক্ষমতা বাড়ানোর জন্য দেওয়া হচ্ছে স্টক ডিভিডেন্ড (লভ্যাংশ)।



