সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রু উদ্ধার

উদ্ধার ক্রু
সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার দুপুরে ঘটনাটি ঘটে শাকবাড়িয়া নদীতে।
আজ রবিবার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, ‘এমভি আলফাডাঙ্গা প্রাইড’ নামের একটি বাণিজ্যিক জাহাজ ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আসে। পরে জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদীর আংটিহারা এলাকায় অবস্থান করছিল।
এর আগে শনিবার দুপুর ১২টার দিকে জাহাজটির আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত এক ক্রু নদীতে পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে রুটিন টহলে থাকা কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পরে কোস্ট গার্ডের সদস্যরা নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত উদ্ধার করেন। তাকে নিরাপদে জাহাজে পৌঁছে দেওয়া হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।







