রংপুরে চার খুনের আসামিদের জিজ্ঞাসাবাদে কারাগারে ডিবি

রংপুর কেন্দ্রীয় কারাগার
শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করতে রংপুর কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
আজ মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে ডিবির দলটি কারাগারে প্রবেশ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী।
তিনি জানালেন, গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন দিনের রিমান্ড আবেদন করেছিল। তবে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া, নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগসহ সার্বিক বিষয় বিবেচনা করে আদালত তাদের দুদিন প্রতিদিন ৩ ঘণ্টা করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
গতকাল সোমবার বিকালে রংপুরের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ আদেশ দেন।
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই এলাকার প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়।
নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তার দুই আসামি আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে।








