কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস পুকুরে, আহত ১৫

২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে একটি অগভীর পুকুরে পড়ে যায় আইকনিক পরিবহনের বাসটি। ছবি: আগামীর সময়
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার বাস পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে রওনা দেয় আইকনিক পরিবহনের বাসটি। সকাল সাড়ে ৭টার দিকে খলিলপুর এলাকায় পৌঁছালে বাসটি মহাসড়কের পাশের একটি অগভীর পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়।
বাসটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ছিলেন। কুয়াকাটা ভ্রমণের জন্য তারা বাসটি রিজার্ভ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বাসের যাত্রী বাপ্পি জানান, আহতদের অনেকের শরীরের বিভিন্ন স্থানে কেটে গিয়ে দুই-তিনটি করে সেলাই লেগেছে। দুর্ঘটনার সময় অনেকে পুকুরের পানিও খেয়েছেন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করায় তিনি কৃতজ্ঞতা জানান।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শাহাদাত হোসেন জানিয়েছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সব যাত্রীকে উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।






