এক পাঙাশের দাম ৬৬ হাজার

বড় আকৃতির মাছটি দেখতে দৌলতদিয়া ফেরিঘাটে উৎসুক মানুষের ভিড় জমে, ছবি : আগামীর সময়
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ। মাছটি ৬৬ হাজার টাকায় কিনে নিয়েছেন দক্ষিণ কোরিয়াপ্রবাসী এক ব্যক্তি। বড় আকৃতির মাছটি দেখতে দৌলতদিয়া ফেরিঘাটে উৎসুক মানুষের ভিড় জমে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জেলে সাত্তার হালদারের জালে ধরা পড়ে পাঙাশটি। পরে মাছটি নিয়ে তিনি আসেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে। বিশাল আকৃতির পাঙাশ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে সেখানে ভিড় করেন উৎসুক জনতা।
জেলে সাত্তার হালদারের কাছ থেকে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান। প্রতি কেজি ২ হাজার ৭০০ টাকা দরে ২৪ কেজি ওজনের মাছটি তিনি কেনেন ৬৪ হাজার ৮০০ টাকায়। এরপর মুঠোফোনে বিভিন্ন সৌখিন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার এক দক্ষিণ কোরিয়াপ্রবাসীর কাছে মাছটি ৬৬ হাজার টাকায় বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, গোয়ালন্দে পদ্মা ও যমুনা নদীর মিলনস্থলে প্রায়ই বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। জেলেদের কাছ থেকে এসব মাছ কিনে তিনি দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন। এতে অল্প সময়ের মধ্যে ভালো মুনাফা পাওয়া যায়। দেশের বিভিন্ন প্রান্তের ভোজনরসিক ও সৌখিন ক্রেতারা তার সঙ্গে যোগাযোগ করেন। বড় মাছ ধরা পড়লে মুঠোফোনে তাদের সঙ্গে যোগাযোগ করে বিক্রি করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, দেশের মানুষের কাছে পদ্মা নদীর মাছের ব্যাপক চাহিদা রয়েছে। এ নদীর মাছের মধ্যে ইলিশ সবচেয়ে জনপ্রিয়। ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে সরকার নির্ধারিত সময়ে মাছ ধরা বন্ধ রাখা, জাটকা সংরক্ষণ এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ রাখার ফলে ইলিশের পাশাপাশি পাঙাশ, চিতল, কাতল, বোয়াল ও রুইসহ বিভিন্ন প্রজাতির মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে।
তিনি বলেন, পদ্মার মাছের স্বাদ ও জনপ্রিয়তার কারণে এসব মাছের ক্রেতার অভাব হয় না।




