মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

ফেরি চলাচল বন্ধ রেখেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: আগামীর সময়
শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা-কর্মচারীরা।
আজ শনিবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌপথের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় ১৫০টি যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১০ নভেম্বর একটি মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা শিক্ষা সফরে কক্সবাজার ও বান্দরবান যান। সফর শেষে শুক্রবার চাঁদপুরের হরিনা ফেরিঘাট থেকে কাকলী ফেরিতে করে শরীয়তপুরের নরসিংহপুরের উদ্দেশে রওনা হন তারা। ফেরিতে শিক্ষার্থী ও অভিভাবকদের নামিয়ে দেওয়ার পর কয়েকজন শিক্ষার্থী ফেরির সামনের অংশে অবস্থান করছিল। এ সময় বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে ফেরিটির সংঘর্ষ হয়। এতে ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। ঘটনাস্থলেই তরিকুল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, ফেরি ও বাল্কহেডের সংঘর্ষের ঘটনায় চাঁদপুর সদর থানায় নৌ পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মামলা করেছেন। মামলায় ফেরি ও বাল্কহেডের চারজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেরির কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, দুর্ঘটনার পর চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ি ফেরির মাস্টার মোশাররফ হোসেনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা ফেরি পরিচালনা করবেন না। তবে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপারের জন্য ফেরি চালু রাখার কথা জানিয়েছেন তারা।
বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশনের (বীমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব জানিয়েছেন, ফেরি দুর্ঘটনার শিকার হলে নৌ অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নিয়ম রয়েছে। নৌ পুলিশকে একাধিকবার বিষয়টি জানানোর পরও তাদের একজন মাস্টারকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। নিহত শিক্ষার্থীর পরিবারও কোনো অভিযোগ করেনি বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, পরিবারটি দুর্ঘটনার জন্য বাল্কহেডকে দায়ী করেছে। মাস্টারকে মুক্তি না দিলে সারা দেশে ফেরি চলাচল বন্ধের কর্মসূচি দেওয়া হবে।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন জানিয়েছেন, ফেরির মাস্টাররা উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। দুর্ঘটনার সময় চ্যানেলে প্রবেশের মুহূর্তে অবৈধ বাল্কহেডগুলোকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। এরপরও বাল্কহেডটি ফেরিতে ধাক্কা দেয়। এ ঘটনায় ফেরির মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন কর্মচারী ও মাস্টাররা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে ফেরি চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। আটকে পড়া যাত্রী ও চালকেরা দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
ট্রাকচালক সাগর জানিয়েছেন, ফেরি বন্ধ থাকায় দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি গাড়িতে থাকা কাঁচামাল ও পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারলে ব্যবসায়ীদেরও লোকসান গুনতে হবে।
বাসচালক জলিল জানান, তারা যশোর থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। ঘাটে এসে ফেরি চলাচল বন্ধ থাকার খবর পান। আগে বিষয়টি জানতে পারলে তারা এ পথে আসতেন না। এখন পদ্মা সেতু হয়ে বিকল্প পথে যাওয়াও তাদের জন্য সম্ভব নয়। দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তিনি।
যাত্রী ছলেমান বলেন, ফেরি বন্ধ থাকায় দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন। জরুরি কাজে যারা যাচ্ছেন, তারাও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মুশফিকুর রহমান জানিয়েছেন, প্রচলিত আইন অনুযায়ী মামলা করা হয়েছে। দুর্ঘটনার জন্য ফেরি ও বাল্কহেডের চালক উভয়েরই দায় রয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। তবে কর্মবিরতির বিষয়ে নৌ পুলিশের কিছু বলার নেই।




