মেহেন্দিগঞ্জ
নদীতে গিয়ে অপহরণের শিকার দুই জেলে, মুক্তিপণ দিয়ে মুক্ত

সংগৃহীত ছবি
বরিশালের মেহেন্দিগঞ্জে নদীতে মাছ শিকারে যাওয়া দুই জেলেকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। দুদিন জিম্মি থাকার পর মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়ে আজ শনিবার তারা বাড়িতে ফিরে আসেন।
অপহরণের শিকার দুজন হলেন উপজেলার আলীমাবাদ ইউনিয়নের চরমহিষা এলাকার মামুন মুন্সি (৫০) এবং পৌরসভার চুনারচর গ্রামের আব্দুল মতিন চৌকিদার (৪৫)। বর্তমানে তারা চিকিৎসাধীন।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার তেঁতুলিয়া নদী থেকে তাদের দুজনকে অপহরণ করে নিয়ে যায় চক্রটি। এ ঘটনায় অপহৃত মতিন চৌকিদারের সঙ্গে থাকা শুক্কুর হাওলাদারকে ছেড়ে দিয়েছে অপরহরণকারী চক্র।
ছাড়া পাওয়া প্রত্যক্ষদর্শী শুক্কুর হাওলাদার বলছিলেন, বৃহস্পতিবার রাতে মাছ ধরতে তেঁতুলিয়া নদীতে যান তিনি এবং মতিন চৌকিদার। জাল ফেলার সময় না হওয়ায় নৌকা নোঙর করে তারা বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হঠাৎ ৬/৭ জনের একটি দল মতিন চৌকিদারকে অপহরণ করে নিয়ে যায়।
শুক্কুর হাওলাদার আরও বললেন, শুধু মতিন হাওলাদার নন, একই দিনে আলীমাবাদ ইউনিয়নের মামুন মুন্সিকেও অপহরণ করা হয়। দুজনকে আটকে রেখে আলাদা আলাদা মুক্তিপণ দাবি করা হয়।
প্রথমে ৩ লাখ টাকা দাবি করে অপহরণকারী চক্র। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে ২ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে দুদিন পর মতিন চৌকিদারকে মুক্তি দেওয়া হয়েছে। আর দেড় লাখ টাকার বিনিময়ে মুক্তি পেয়েছেন আজীমাবাদ এলাকার মামুন মুন্সি।
ভুক্তভোগী মতিন চৌকিদার জানান, সেদিন রাতে অপহরণ করে নেওয়ার পর তার হাত চোখ বেঁধে নির্যাতন করা হয়। অপহরকারীদের কাছে পিস্তল, রামদাসহ অনেক দেশীয় অস্ত্র ছিল।
মেহেন্দিগঞ্জ (কালিগঞ্জ) নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া বললেন, ভুক্তভোগী পরিবার আমাদের কাছে না জানালেও আমরা ঘটনাটি জেনেছি। এ বিষয়ে ভুক্তভোগীদের কাছ থেকে বিস্তারিত জেনে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।




