ঠাকুরগাঁও
মিড ডে মিলের খাবার খাওয়ার পর হাসপাতালে ৩০ শিক্ষার্থী

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা
মিড ডে মিলের খাবার খাওয়ার পর অন্তত ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। খাবার খাওয়ার পর একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর পলাশবাড়ী এলাকার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে এ ঘটনা।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা মিড ডে মিলের খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকলে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাদের দ্রুত বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে অন্তত ৩০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়।
অসুস্থ শিক্ষার্থীদের কয়েকজনের বমি, পেট ব্যথা, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. সজীব মিয়া বিষয়টি নিশ্চিত করে বললেন, ‘মিড ডে মিলের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।’
ঘটনার খবর পেয়ে বিষয়টি তদারকিতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগ।
বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় বলেছেন, ‘ঘটনা জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। শিক্ষার্থীদের দ্রুত সুস্থ করে তুলতে স্থানীয় প্রশাসনসহ শিক্ষা বিভাগের পক্ষ থেকে সার্বিক তদারকি করা হচ্ছে।’
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার দাস বললেন, ‘কী কারণে এমন ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কারও কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর আগে একই উপজেলায় মিড ডে মিলের প্যাকেটজাত দুধ খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনা ঘটে। কয়েক দিন আগে উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্যাকেটজাত দুধ খেয়ে প্রায় অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খাবারের সঙ্গে দেওয়া ডিমসহ মিড ডে মিল খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।



