কুষ্টিয়া
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা

ছবি: আগামীর সময়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল বের করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন দলটির নেতাকর্মীরা। পুলিশের বাধায় তারা পাবলিক লাইব্রেরি চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
আজ সোমবার বিকাল ৫টার দিকে কুষ্টিয়া শহরের এনএস রোডের পাবলিক লাইব্রেরি চত্বর থেকে জেলা এনসিপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করার প্রস্তুতি নেওয়া হয়। মিছিলটি প্রধান সড়ক এনএস রোডে প্রবেশের সময় কুষ্টিয়া মডেল থানা পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন দলটির নেতাকর্মীরা।
এনসিপি নেতাকর্মীরা জানালেন, রবিবার কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ায় লালন আখড়া বাড়ি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
পুলিশের বাধার পর নেতাকর্মীরা পাবলিক লাইব্রেরির প্রবেশমুখে অবস্থান নেন। সেখানে তারা বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা অবিলম্বে রাজপথে নামার হুঁশিয়ারি দেন।
বিক্ষোভে উপস্থিত ছিলেন এনসিপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি, সদস্য সচিব সুলতান মারুফ তালহা, কুমারখালী উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আবুল হাসিম বাদশা, সদস্য সচিব আল আমিন হাসান আকাশসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে এনসিপির কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব সুলতান মারুফ তালহা অভিযোগ করে বললেন, ‘এটি আমাদের গণতান্ত্রিক অধিকার। ২৪ পরবর্তী স্বাধীন বাংলাদেশে এ ধরনের পুলিশি আচরণ মেনে নেওয়া যায় না। এটি যেন বিগত ফ্যাসিবাদের দোসরদের পুলিশের ভূমিকা মনে করিয়ে দেয়। আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াই অব্যাহত থাকবে। আমরা রাজপথে যাব।’
তবে পুলিশের দাবি, মিছিলটি সড়কে গেলে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি বিক্ষোভকারীদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে তাদের পাবলিক লাইব্রেরি চত্বরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, ‘কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে তাদের একটি বিক্ষোভ ছিল। তারা সেখানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছে। কিন্তু রাস্তায় বের হলে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতো এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটত। পাশাপাশি বিক্ষোভকারীদেরও নিরাপত্তা ঝুঁকি ছিল। তাই তাদের স্বার্থেই নিরাপত্তার কথা বিবেচনা করে পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে বাইরে যেতে নিষেধ করা হয়েছে।’




