সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে টাকা দাবি
- রামগড়ে আটক ১

গ্রাফিকস: আগামীর সময়
খাগড়াছড়ির রামগড়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই পরিচয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের কাছে ১ লাখ টাকা চাওয়ার অভিযোগে মো. রেজাউল করিম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে রামগড় উপজেলা ইউএনওর কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি কুমিল্লার চান্দিনার এম এ খালেকের ছেলে। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি ঢাকার মিরপুরে বসবাস করেন।
রামগড় উপজেলার ইউএনও জানিয়েছেন, দুদিন আগে এক ব্যক্তি ফোন করে নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই হিসেবে পরিচয় দেন। গতকাল সকালে তাকে ইউএনও কার্যালয়ে আসতে বলা হয়। ইউএনও বললেন, তিনি ইউএনওর বদলির বিষয় নিয়ে কথা বলতে শুরু করেন। পরে তার কাছে টাকার স্বল্পতা রয়েছে জানিয়ে ১ লাখ টাকা ধার চান। তিনি ঢাকায় ফিরে ওই টাকা পরিশোধ করবেন বলেও জানিয়েছেন। ওই ব্যক্তির কথাবার্তায় সন্দেহ হলে ইউএনও সংশ্লিষ্ট সচিবের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। রেজাউল করিম রামগড়ে অবস্থানকালে থানার ওসির পরিচয় ব্যবহার করে একটি আবাসিক হোটেলে উঠেছিলেন। রামগড় থানার ওসি মো. নাজির আলম বললেন, প্রতারণার অভিযোগে রেজাউল করিম নামে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



