প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা

নাটোরে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান জেমস— সংগৃহীত
বাবার জানাজা ও দাফনে অংশ নিতে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান জেমস। আজ শনিবার রাত ৯টার দিকে নাটোর শহরের বড়গাছা এলাকার বুড়া দরগা মসজিদে বাবার জানাজায় অংশ নেন তিনি। পরে কবরস্থানে দাফন শেষে পুলিশি পাহারায় তাকে আবার কারাগারে নেওয়া হয়।
জেমসের বাবা আবুল কালাম আজাদ শনিবার দুপুরে মারা যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হলে অনুমোদন দেওয়া হয়। পরে দুই ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশি পাহারায় তিনি বাবার জানাজা ও দাফনে অংশ নেন।
পরিবার সূত্রে জানা গেছে, নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে। গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। পরে অসুস্থ বাবাকে দেখতে বাড়িতে এলে গত ২১ জুন রাতে নাটোর শহরের বড়গাছা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, বাবার মৃত্যুর কারণে জেমসকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা ও দাফন শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয়েছে।







