বৈছাআর নেতা মাহাদীর বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ, শর্টসার্কিট দাবি পুলিশের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান ও পুড়ে যাওয়া বৈদ্যুতিক মিটার।
বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসান। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে, পেট্রোল বোমা নয়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মিটারে আগুন লেগেছে।
গতকাল শুক্রবার রাত ১টার দিকে সদর উপজেলার ভাদৈ এলাকার বাসা থেকে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন মাহদী। ওই সময় তার বাসার বৈদ্যুতিক মিটার থেকে ধোঁয়া বের হচ্ছিল।
মাহদীর দাবি, কে বা কারা তাদের টিনের চালে দুটি এবং বৈদ্যুতিক মিটারে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। ঘটনাস্থলে তিনটি বোতলও পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। ফেসবুক লাইভে তাকে হবিগঞ্জের পুলিশ সুপার ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল নম্বরে কল করতেও দেখা যায়। তার এই লাইভ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করছেন অনেকে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাহদী হাসানের বাসার বৈদ্যুতিক লাইন থেকে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, চার্জ দেওয়ার স্থানে অতিরিক্ত বৈদ্যুতিক লোডের কারণে মিটারে আগুন লেগেছে। ঘটনাস্থলে কোনো পেট্রোল বোমা বা বোতল পাওয়া যায়নি।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠনের হয়ে সক্রিয় ভূমিকা পালন করে পরিচিতি পান মাহদী হাসান। পরে বিভিন্ন সমসাময়িক ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকায় তিনি আলোচনায় আসেন।




