ভাঙ্গায় বসতঘরে আগুনে বৃদ্ধের মৃত্যু, ছেলেকে পুলিশে দিল স্থানীয়রা

ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে বসতঘরে অগ্নিকাণ্ডে আসমান হাওলাদার (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আগুন দেওয়ার অভিযোগে তার ছেলে সুজন হাওলাদারকে (৩৩) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
গতকাল রবিবার রাত ২টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ চর চান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসমান হাওলাদার ওই গ্রামের মৃত বশিরউদ্দিন হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে ভুগছিলেন।
স্থানীয়রা জানায়, গভীর রাতে আসমান হাওলাদারের বসতঘরে আগুন দেখতে পান প্রতিবেশীরা। এ সময় তিনি ঘরের ভেতরে আটকা পড়েন। তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন স্থানীয়রা। পরে আগুন নিয়ন্ত্রণে এলে ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর সকালে সুজন হাওলাদার বাড়িতে এলে তাকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।
নিহতের প্রতিবেশী মো. সোহেল জানান, সুজন মালয়েশিয়াপ্রবাসী। প্রায় ২৫ দিন আগে দেশে ফিরে তিনি চতুর্থ বিয়ে করেন। এরপর থেকে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার রাতে মসজিদের মাইকে আগুন লাগার খবর শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। আগুন নেভানোর পর আসমান হাওলাদারকে উদ্ধারের চেষ্টা করেন। তবে ঘরে বিদ্যুৎ সংযোগ থাকার কারণে বিদ্যুতায়িত হওয়ার আশঙ্কায় তারা ভেতরে ঢুকতে পারেননি। পরে আগুন নিয়ন্ত্রণে এলে আসমান হাওলাদারকে মৃত অবস্থায় পাওয়া যায়।
সুজনের দ্বিতীয় স্ত্রী লাইজু বেগম জানান, আগুন লাগার পর তিনি শ্বশুরকে ঘর থেকে বের করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, তার স্বামী সুজন ঘরে আগুন দিয়ে পালিয়ে গেছেন।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে আগুন নিভে যাওয়ার খবর পাওয়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা আর সেখানে যাননি।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মিজান জানিয়েছেন, অগ্নিকাণ্ডে আসমান হাওলাদারের মৃত্যুর খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন, নিহতের স্বজনরা সুজন হাওলাদারকে আটক করে রেখেছেন। পরে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।




