জামালপুরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
জামালপুরে বৈদ্যুতিক সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সাত্তার (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকাল ৫টার দিকে বকশীগঞ্জের সদর ইউনিয়নের ঝালরচর উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার ওই এলাকার মৃত হাজী নুরুজামানের ছেলে।
নিহতের ভাতিজা সামিউল হক জানান, প্রতিদিনের মতো বুধবার বিকালে বাড়ির পাশের ধানের ক্ষেতে সেচ পাম্প দিয়ে পানি দিতে যান আব্দুস সাত্তার। এ সময় সেচ পাম্পের মোটরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।







