উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত

উখিয়ায় দুই অটোরিকশার মধ্যে সংঘর্ষে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। ছবি: আগামীর সময়
কক্সবাজারের উখিয়ার দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মোহাম্মদ হাশিম (৩৪) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আটজন।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-১৮-এর এফ/৩০ ব্লকের ত্রিমুখী সড়কে এ ঘটনা ঘটে।
নিহত হাশিম ক্যাম্প-১৭-এর এইচ/৭৫ ব্লকের নুর আলমের ছেলে।
রোহিঙ্গা যুবক হাবিবুর রহমান জানান, সকালে ত্রিমুখী সড়কে দুই অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে নয়জন আহত হন। খবর পেয়ে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের একটি টিম আহতদের ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও হাশিমের অবস্থার অবনতি হয়। পরে তার মৃত্যু হয়।
ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের এপিবিএন ইন্সপেক্টর মো. নাহিদ জানিয়েছেন, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।




