কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে বিরোধ, হামলায় নিহত ১

নিহত হালিম সর্দারের স্বজনদের কান্না। পাশে এলাকাবাসীদের ভিড়। ছবি: আগামীর সময়
কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন এক ব্যক্তি।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।
নিহতের নাম হালিম সর্দার (৬০)। তিনি খয়েরপুর এলাকার মৃত কলম সর্দারের ছেলে। হামলা চালানোর অভিযোগে বকুল সর্দার (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, স্থানীয় একটি মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে খয়েরপুর এলাকায় মান্নান মেম্বার-বকুল পক্ষ এবং ইউসুফ মেম্বার-মেহেদী পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত কয়েক দিন ধরে উভয় পক্ষ দফায় দফায় হামলায়ও জড়ায়। শনিবার সকালে চাপাইগাছি বিলের পাশে দুই পক্ষ সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নিচ্ছিল। ঘটনাস্থলে যাওয়ার পথে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে প্রাণ হারান হালিম।
নিহতের স্বজনরা জানান, শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে বিলের দিকে যাচ্ছিলেন হালিম। এ সময় মান্নান গ্রুপের সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে দেশীয় অস্ত্র ছুড়ে মারা হয়। অস্ত্রটি সরাসরি হালিমের গলায় বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি মো. জাকির হোসেন জানিয়েছেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ বলেছেন, খবর পাওয়া মাত্রই সদর থানা পুলিশ ও ডিবি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় দুই থানার পুলিশ ও এসআরবি সদস্যরা যৌথভাবে মাঠে কাজ করছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।




