বিজয়নগর
হাঁসের বাচ্চা ফেরত দেওয়া নিয়ে বিরোধ, পিটুনিতে নিহত ১

গ্রাফিকস: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে বিরোধে মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহতের পরিবারের অভিযোগ, একই গ্রামের দুধ মিয়া (৪৫) ও তার স্ত্রী লাঠি দিয়ে পিটিয়ে মোহাম্মদ আলীকে হত্যা করেছেন।
সোমবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের মাদ্রাসাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী গ্রামের মৃত কলোম উদ্দিনের ছেলে। অভিযুক্ত দুধ মিয়া একই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার দুধ মিয়া ও তার স্ত্রী মোহাম্মদ আলীর কাছে ছয়টি হাঁসের বাচ্চা বিক্রি করেন। বাড়িতে নেওয়ার পর দুটি বাচ্চা মারা গেলে সোমবার অবশিষ্ট চারটি হাঁসের বাচ্চা ফেরত দিয়ে টাকা ফেরত চাইতে যান তিনি। এ সময় দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে দুধ মিয়া ঘর থেকে লাঠি এনে মোহাম্মদ আলীকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। পরে দুধ মিয়ার স্ত্রীও লাঠি দিয়ে তার মাথা ও ঘাড়ে আঘাত করেন বলে দাবি করেছেন নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা। এতে মোহাম্মদ আলী মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে অভিযুক্ত দুধ মিয়ার মা সাংবাদিকদের বললেন, হাঁসের বাচ্চা নিয়ে ঝামেলা হয়েছে— এটি সত্য। তবে মারামারির সময় তিনি ঘরের ভেতরে ছিলেন। পুরো ঘটনা নিজের চোখে দেখেননি।
বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বললেন, হাঁসের বাচ্চা নিয়ে বিরোধের বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। সুরতহাল রিপোর্টে নিহতের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বললেন এই পুলিশ কর্মকর্তা।





