ভোক্তা অধিকার রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি: ক্যাব সভাপতি

সিলেটে ক্যাবের বিভিন্ন পর্যায়ের নেতা এবং এনজিওগুলোর সঙ্গে আলাদা মতবিনিময় সভা করেছেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান। ছবি: আগামীর সময়
ভোক্তা অধিকার রক্ষায় কোনো একক সংগঠনের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।
গতকাল সোমবার সিলেটে ভোক্তা অধিকার রক্ষায় ক্যাবের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা এবং এনজিওগুলোর সঙ্গে আলাদা মতবিনিময় সভা করেছেন সফিকুজ্জামান।
সিলেট নগরীর মেন্দিবাগের জনকল্যাণ ভবনে ক্যাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি অধিকার লঙ্ঘনের ঘটনা চিহ্নিত করে কার্যকর প্রতিকার নিশ্চিত করতে ক্যাবের মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন বলে জানিয়েছেন সাবেক সচিব সফিকুজ্জামান।
তিনি বলেছেন, ‘ভোক্তা অধিকার একটি জনস্বার্থের বিষয়। বাজার ব্যবস্থাপনা থেকে শুরু করে খাদ্য, চিকিৎসা, পণ্য ও সেবা— প্রতিটি ক্ষেত্রে ভোক্তারা যেন প্রতারিত বা বঞ্চিত না হন, সে বিষয়ে সামাজিকভাবে সচেতনতা তৈরি করতে হবে। ক্যাবের স্থানীয় কমিটিগুলোকে আরও সক্রিয় করে জনগণের কাছে যেতে হবে। একই সঙ্গে এনজিও ও অন্যান্য সামাজিক সংগঠনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমন্বিতভাবে কাজ করলে ভোক্তা অধিকার আন্দোলন আরও কার্যকর হবে।’
‘সিলেটের উপজেলা ও পৌর পর্যায়ে ক্যাবের কার্যক্রমকে আরও শক্তিশালী করা দরকার। শুধু সভা-সেমিনারে সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে মানুষের সমস্যা শুনতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা তুলে ধরতে হবে। ভোক্তা অধিকার রক্ষায় ক্যাবকে একটি শক্তিশালী সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’, যোগ করলেন ক্যাবের সভাপতি।
সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ, ক্যাবের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, উপজেলা পর্যায়ে কমিটিগুলোকে সক্রিয় করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন সাংবাদিক ইকবাল কবির, ছিদ্দিকুর রহমান, প্রবাসী আশিক চৌধুরী, রিয়াজ উদ্দিন আহমদ, আনোয়ার চৌধুরী, কামাল উদ্দিন আহমদ, শিলু মিয়া, আবুল আমিন, আলী আশরাফ চৌধুরী, শাহনাজ কুলসুম আরা ও আবু সাইদসহ ক্যাবের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সকালের সভায় সভাপতিত্ব করেন ক্যাব সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি জামিল চৌধুরী। সভা পরিচালনা করেন ক্যাব সিলেটের সাধারণ সম্পাদক মহি উদ্দিন চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন বালাগঞ্জ ক্যাব সভাপতি শাহাব উদ্দিন শাহিন, ওসমানীনগরের ক্যাব সদস্য সালমা বেগম ও তানিয়া ফারজানা, বিশ্বনাথ পৌর ক্যাবের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ উপজেলা ক্যাব সভাপতি হোসাহিন আহমদ শাহীন, সদস্য স্বপ্না শাহিন, জকিগঞ্জ ক্যাব সভাপতি সৈয়দ আছলাম হোসেন, সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সমাজসেবক আব্দুল হামিদ ও সাকিলা ফেরদৌস, কানাইঘাট ক্যাব সদস্য নাহিদুল ইসলাম চৌধুরী, বিয়ানীবাজার ক্যাব সদস্য নাসরিন বেগম, গোলাপগঞ্জ ক্যাব সদস্য রোকশানা বেগম এবং দক্ষিণ সুরমা ক্যাব সদস্য আকলিমা বেগম।
দুপুরে সিলেটে কর্মরত বিভিন্ন এনজিওর নির্বাহী পরিচালকদের সঙ্গে দ্বিতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক। নিরাপদের নির্বাহী পরিচালক শাহাব উদ্দিন শাহিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিরাই জনকল্যাণের নির্বাহী পরিচালক ও বিভাগীয় ক্যাব সভাপতি জামিল চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন এওয়ার্ডের নির্বাহী পরিচালক এ কে এম আজাদ, প্রোগ্রাম হেড ফারুক আহমদ, এসডিএসের (জকিগঞ্জ) নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, সদস্য সাকিলা ফেরদৌস, এইচডিওর (সিলেট সদর) নির্বাহী পরিচালক মনসুর আলম, রিডো বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দিন, সুবাসের নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেন, সদস্য নাহিদুল ইসলাম চৌধুরী, সবুজ বাংলার নির্বাহী পরিচালক বদরুল ইসলাম প্রমুখ।









