দেশ বাঁচাতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ রাখতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, দেশ বাঁচাতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ রাখতে হবে। সে লক্ষ্যে আগামী মাস থেকে ব্যাপক হারে জনসংখ্যা নিয়ন্ত্রণের পিলসহ অনান্য সামগ্রী বিতরণ শুরু করা হবে।
তিনি বলেন, নরমাল ডেলিভারির জন্য নতুন নতুন ওষুধ, মেশিন আনা হচ্ছে। কেউ দালালের খপ্পরে পড়ে মায়েদের সিজারের দিকে নিয়ে যাবেন না। আগামী শনিবার থেকে পুনরায় হামের টিকা কার্যক্রম শুরু হবে। যারা টিকা নেননি, সবাই গিয়ে বাচ্চাদের টিকা নেওয়াবেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মনোহরদী উপজেলা অডিটরিয়ামে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে। ফ্যাসিস্টরা বলছে, ডিসেম্বরে নাকি তাদের রানিমা দেশে আসবেন। আর রাজাকারা বলছে, ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাই সাবধান থাকতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।




