দুপচাঁচিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল জব্দ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা সদরের রঘুসাহারদিঘী এলাকা থেকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা চালগুলো জব্দ করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে কি না, তা তদারক করতে তিনি রঘুসাহারদিঘী এলাকায় ডিলার আব্দুল হাইয়ের পয়েন্টে পরিদর্শনে যান। এ সময় তাকে দেখে কয়েকজন অসাধু ব্যবসায়ী সেখান থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা ওই চাল উদ্ধার করে তার কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সঙ্গে পরামর্শ করে জব্দ করা চালগুলো তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
গোলাম মাওলা বলেন, ‘সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল যাতে কোনোভাবেই অবৈধভাবে বেচাকেনা বা পাচার না হয়, সে বিষয়ে ভবিষ্যতেও নজরদারি অব্যাহত থাকবে।’






