মধ্যনগর
আকস্মিক পরিদর্শনে এমপি, শিক্ষকের দেখা নেই তিন বিদ্যালয়ে

ছবি: আগামীর সময়
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এ সময় তিন বিদ্যালয়ে কোনও শিক্ষক উপস্থিত ছিলেন না।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার পাঁচটি বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।
এর মধ্যে সকাল সাড়ে ৯টার দিকে আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৌনে ১০টার দিকে দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সকাল ১০টার দিকে কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে কোনও শিক্ষককে পাননি।
এ সময় তিনি মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন। বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন তিনি।
পরিদর্শন শেষে এমপি কামরুল উল্লেখ করেন, হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করা জরুরি।
শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।




