নড়াইলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
নড়াইল প্রতিনিধি

নড়াইলে ছাত্রকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া মাদ্রাসাশিক্ষক মিরাজ। ছবি: আগামীর সময়
নড়াইলে মাদ্রাসার শিশুশিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক মেরাজ আলী মিরাজকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৩ লাখ টাকা জরিমানাও করেছেন নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম।
আজ সোমবার দুপুরে তিনি এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিবুর রহমান আজিজ।
সাজা পাওয়া মিরাজের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কালিয়া বকরী রুদ্রপুর গ্রামে। নড়াইল পৌরসভার রঘুনাথপুর-বাদামতলা জামিয়া রহমানিয়া তাইসিরুল উলুম মাদ্রাসার শিক্ষক ছিলেন তিনি। রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন এজলাসে।
এজাহার থেকে জানা যায়, ২০২৫ সালের ১১ জুলাই রাতে ১০ বছরের ছাত্রকে বলাৎকার করেন মিরাজ। শিশুর মা দুদিন পর তার নামে নড়াইল সদর থানায় মামলা করেন।





