কর্মমুখী শিক্ষা ছাড়া এআইয়ের যুগে টিকে থাকা সম্ভব না: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

কক্সবাজারের চকরিয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা
এআইয়ের যুগে কর্মমুখী শিক্ষা ছাড়া চাকরি বা কর্মসংস্থান ধরে রাখা সম্ভব না বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
তিনি বলেছেন, ‘শিক্ষার্থীরা নির্দিষ্ট কোনো বিষয়ে কর্মমুখী শিক্ষা পেতে চায়, তা চিহ্নিত করে সে অনুযায়ী সুযোগ সৃষ্টি করা প্রয়োজন এবং পদক্ষেপ নেওয়া জরুরি।’
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে ভাইস-চ্যান্সেলর কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠনের ঘোষণা দেন।
অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের যে সব সমস্যা রয়েছে, অগ্রাধিকার (প্রায়োরিটি) নির্ধারণ করে আমরা তা পর্যায়ক্রমে সমাধান করব এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’
চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।



