১০ টাকায় ছাগল পেল ২০ পরিবার

নওগাঁয় যুবকদের উদ্যোগে ২০টি অসহায় পরিবারকে মাত্র ১০ টাকার বিনিময়ে একটি করে ছাগল দেওয়া হয়েছে। পাশাপাশি ১ টাকার বিনিময়ে দুপুরের খাবার পেয়েছেন ৪৫০ মানুষ।
শুক্রবার দুপুরে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ‘ফ্রেন্ডস প্যানেল নওগাঁ’ নামের মানবিক সেবামূলক ক্লাবের উদ্যোগে ব্যতিক্রমী এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনটির ২০০তম সপ্তাহ উপলক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
আয়োজকরা জানান, ২০১৬ সালে ১০ জন যুবকের সমন্বয়ে গঠিত হয় ‘ফ্রেন্ডস প্যানেল নওগাঁ’। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৬৩ জন। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য।
প্রতিষ্ঠার পর থেকে প্রতি শুক্রবার শহরের বিভিন্ন স্থানে প্রায় ২০০ মানুষের মাঝে ১ টাকার বিনিময়ে একবেলা পেটভরে খাবার দিয়ে আসছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় ২০০তম সপ্তাহে ২০টি পরিবারের মধ্যে ছাগল বিতরণ এবং সাড়ে ৪০০ মানুষের মাঝে খাবার দেওয়া হয়।
আয়োজকদের আশা, ছাগলগুলো লালন-পালনের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাহিদুল ইসলাম ধলু এ উদ্যোগের প্রশংসা করে বলেছেন, যখন অনেক যুবক মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সময় নষ্ট করছে, তখন এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের জন্য অনন্য দৃষ্টান্ত। সংগঠনটির ভবিষ্যৎ ভালো কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






