ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

রাজশাহীতে সংঘর্ষে জড়িয়েছেন ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীরা। ছবি: আগামীর সময়
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে সংঘর্ষে জড়িয়েছেন ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এ সময় গুলিবর্ষণের অভিযোগও উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষে জড়িত দুই পক্ষের নেতাকর্মীদের হাতে দেশীয় অস্ত্র ছিল। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে সংঘর্ষের পরও এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমনের অভিযোগ, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাহিনুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনার পর তারা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নার নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।
লিমনের দাবি, হামলাকারীরা দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে তাদের ওপর আক্রমণ করেন। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সংশ্লিষ্টতা ছিল। আওয়ামী লীগের নির্দেশনায় এ হামলা চালানো হয়। পরে দলটির কয়েকজন নেতাকর্মীও সংঘর্ষে যোগ দেন। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি জানিয়েছেন লিমন। তবে এ ঘটনায় অপর পক্ষের নেতৃত্বে থাকা ছাত্রদল নেতা সাফায়েত হোসেন মান্নার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারিকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. গাজিউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনিও ফোন রিসিভ করেননি।




