টাঙ্গাইল
দুদিন আগে নিখোঁজ, যুবকের লাশ মিলল ধানক্ষেতে

গ্রাফিকস: আগামীর সময়
টাঙ্গাইলের দেলদুয়ারে নিখোঁজের দুদিন পর উদ্ধার করা হয়েছে এক যুবকের লাশ। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার হিঙ্গানগর এলাকার ধানক্ষেতের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত জসিম উদ্দিন উপজেলার গজিয়া বাড়ি এলাকার আমজাদ হোসেনের ছেলে। স্থানীয় কয়েকজন ধানক্ষেতের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে দেলদুয়ার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
দেলদুয়ার থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আজহারুল ইসলাম জানিয়েছেন, শনিবার রাত ৭টার দিকে জসিম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পায়নি।
পুলিশ জানায়, জসিমের পরিচয় শনাক্ত হয়েছে। তার বিরুদ্ধে থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে। তবে নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ বা সাধারণ ডায়েরি করা হয়নি।
পুলিশ আরও জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।






