সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর, নদীতে ফেলার চেষ্টা

বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহের
পটুয়াখালীর রাঙ্গাবালীতে পেশাগত দায়িত্ব পালনকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে কোড়ালিয়া সংলগ্ন আগুনমুখা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোটে এ ঘটনা ঘটে। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর, হত্যার হুমকি এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক।
অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী জেলা শহরের সবুজবাগ ৭ নম্বর লেনের পটুয়াখালী সরকারি কলেজসংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি স্পিডবোটে করে রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালীতে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কোড়ালিয়া-বোয়ালিয়া ও খালগোড়া-গলাচিপা নৌপথে চলাচলকারী স্পিডবোটগুলোতে যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট ব্যবহার না করা এবং সন্ধ্যার পর অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অনিয়মের তথ্য সংগ্রহ করতে শনিবার দুপুর ১২টার দিকে গলাচিপার বোয়ালিয়া থেকে রাঙ্গাবালীর কোড়ালিয়ার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী স্পিডবোটের ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আবু তাহের।
আবু তাহেরের অভিযোগ, ভিডিও ধারণের সময় আমিনুর রহমান বিল্লাহ প্রথমে তাকে বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তার ওপর চড়াও হন আমিনুর। নিজের সাংবাদিক পরিচয় দিয়ে বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি বলার পর অভিযুক্ত ব্যক্তি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।
ঘটনার ভিডিওচিত্রে দেখা যায়, অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে আবু তাহেরকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হচ্ছে। তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। একপর্যায়ে চলন্ত স্পিডবোট থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেন আমিনুর। এতে ব্যর্থ হয়ে তাকে তুলে নেওয়ার জন্য স্পিডবোটটি আবার বোয়ালিয়া ঘাটে ফিরিয়ে নিতে চালককে নির্দেশ দেন তিনি। এ সময় ঘটনার ভিডিও মুছে ফেলার উদ্দেশ্যে আবু তাহেরের হাত থেকে মুঠোফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আমিনুর রহমান বিল্লাহর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, ‘এগুলোর কোনো বাস্তবতা আছে? একটু আগে আমি গলাচিপা এসেছি। কালকে আপনি সামনাসামনি এসে কথা বলেন।’ এরপর বিস্তারিত কিছু না বলেই ফোন কেটে দেন তিনি।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ‘বিষয়টি খুবই ন্যক্কারজনক। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান জানান, ‘সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিকের হামলার শিকার হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গাবালী থানার ওসিকে বলা হয়েছে।’
এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙ্গাবালী প্রেস ক্লাব। সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।




