গাইবান্ধায় বিএনপি কার্যালয়ের পাশে পরপর দুটি ‘ককটেল’ বিস্ফোরণ

গাইবান্ধার সাদুল্যাপুরে বিএনপি কার্যালয়ের পাশে দুটি ‘ককটেল’ বিস্ফোরণ
গাইবান্ধার সাদুল্যাপুরে ধাপেরহাট ইউনিয়ন বিএনপি কার্যালয়ের পাশে পরপর দুটি ‘ককটেল; বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গত সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
স্থানীয়রা জানান, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে হঠাৎ পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তবে কারা এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ধাপেরহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া বলেন, ‘বিএনপি কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করা হয়েছে।’
এ বিষয়ে সাদুল্যাপুরের ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ‘বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিস্ফোরিত বস্তুটি ককটেল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’



