সুনামগঞ্জে সড়কের অভাবে দুর্ভোগে দুই জেলার ৩ লাখ মানুষ

গ্রাফিকস: আগামীর সময়
মাত্র চার-পঁাচ কিলোমিটার সড়কের অভাবে সুনামগঞ্জের মধ্যনগর ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার প্রায় তিন লাখ মানুষকে দুর্ভোগ সহ্য করতে হচ্ছে বছরের পর বছর। শুকনো মৌসুমে অটোরিকশা ও মোটরসাইকেলে চলাচল করা গেলেও বর্ষায় নৌকাই হয়ে ওঠে একমাত্র ভরসা। এতে রোগী-শিক্ষার্থীদের পাশাপাশি ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে। এই দুর্ভোগ লাঘবে মধ্যনগর থেকে কলমাকান্দার রঘুরামপুর পর্যন্ত সংযোগ সড়কটি সারা বছর চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ দাবিতে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মধ্যনগর আখড়া-সংলগ্ন কলমাকান্দা-মধ্যনগর সড়কে মানববন্ধন করেন স্থানীয় লোকজন। এতে শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, চালক, রাজনৈতিক নেতাকর্মীসহ তিন শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেছেন, ২০২১ সালে মধ্যনগর উপজেলা ঘোষণা করা হলেও এখনো পূর্ণাঙ্গ প্রশাসনিক অবকাঠামো ও স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে ওঠেনি। ফলে চিকিৎসার জন্য এই উপজেলার অনেক মানুষকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর নির্ভর করতে হয়।
মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা এলজিইডির প্রকৌশলী মুন্সি শাহাবুদ্দিন বললেন, মধ্যনগর থেকে কলমাকান্দা সড়কের বেশিরভাগ অংশ এরই মধ্যে সাবমার্সিবল সড়ক হিসেবে নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে সড়কটি সারা বছর চলাচলের উপযোগী করার পরিকল্পনা রয়েছে।
সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল জানিয়েছেন, দুই উপজেলার মানুষের যোগাযোগের দুর্ভোগ লাঘবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কথা হয়েছে। এ বিষয়ে শিগগিরই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।



