দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

কুড়িগ্রামের বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য পুনরায় মনোনীত হয়েছেন মো. নুরুল ইসলাম। গতকাল রবিবার তার পুনর্নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে ২০২৫ সালের ২ জুলাই তিনি প্রথমবারের মতো বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষক-অভিভাবকদের সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে বিদ্যালয়ের পুরোনো ভবন সংস্কার করা হয়। পরে ২০২৬ সালের ৩০ জুন বিদ্যালয়ের জন্য নতুন একাডেমিক বহুতল ভবনের অনুমোদন পাওয়া যায়।
সভাপতির উদ্যোগে দুই দফা অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের উপস্থিতি, লেখাপড়া, শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মতবিনিময় হয়। এছাড়া কৃতী শিক্ষক, প্রয়াত সাবেক প্রধান শিক্ষক এবং এলাকার সফল ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। বিদ্যালয়ে খেলাধুলার উন্নয়নে ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়েছে।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে মো. নুরুল ইসলাম বললেন, ‘এই দায়িত্ব আমার কাছে সম্মানের পাশাপাশি একটি অঙ্গীকার। বিদ্যালয়কে আধুনিক, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীদের নিয়ে কাজ করতে চাই।’
স্থানীয় শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করেছেন, দ্বিতীয় মেয়াদে নতুন একাডেমিক ভবনের নির্মাণ, ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ এবং সহশিক্ষা কার্যক্রম আরও জোরদারের মাধ্যমে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় জেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আরও এগিয়ে যাবে।




