খেলা দেখতে গিয়ে হারাল ইউএনওর আইফোন

ছবি: আগামীর সময়
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা স্পোর্টিং ক্লাব মাঠে খেলা দেখতে গিয়ে নিজের ফোন হারিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বিকালে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত বিসিএল (বিসিএল) ফাইনাল চলাকালে ঘটেছে এ ঘটনা।
জানা গেছে, মাঠে প্রবেশের সময় দর্শকের ভিড়ের মধ্যে ইউএনওর ব্যবহৃত আইফোনটি হারিয়ে যায়। বিষয়টি টের পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন এবং কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনাটি সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেছেন, ‘ইউএনও স্যারের ফোন হারানোর বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। মাঠে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার কাজ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি চুরির ঘটনা নাকি অসাবধানতাবশত হারিয়ে গেছে— এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
এদিকে, ঘটনার পর বড় জনসমাগমে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে উপস্থিত অনেকের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে আয়োজকদের দাবি, পুরো ফাইনাল আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং ফোন হারানোর ঘটনাটি একটি অনাকাঙ্ক্ষিত বিচ্ছিন্ন ঘটনা।
গতকালের এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শক ও অতিথির সমাগম ঘটে।




