টঙ্গীতে বাসচাপায় পোশাকশ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

পোশাকশ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে ইউনাইটেড পরিবহনের বাসচাপায় নিহত হয়েছেন রহিমা বেগম (৩৫) নামে এক পোশাকশ্রমিক। বৃহস্পতিবার রাতের এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা। নিহত রহিমা বেগম গাজীপুরা এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে অতিরিক্ত সময়ের কাজ শেষে মহাসড়ক পার হচ্ছিলেন রহিমা। এ সময় দ্রুতগতির ইউনাইটেড পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের সহকর্মীসহ স্থানীয় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে যান চলাচল স্বাভাবিক হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকসুদুল আলম বলেন, নিহত নারীর মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।




