সৌদিতে মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

নিহত সৌরভ ইসলাম
সৌদির জেদ্দায় মিসাইল আতঙ্কে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত সৌরভ ইসলাম (২৫)।
নরসিংদীর রায়পুরার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমির ইসলাম ও রেনু বেগমের ছেলে।
পরিবার জানিয়েছে, মঙ্গলবার ভোরে সৌরভ জেদ্দায় তার বাসার ছাদে যান। এ সময় দূর থেকে ধেয়ে আসা মিসাইলের তীব্র শব্দ ও দৃশ্য দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। প্রাণভয়ে দ্রুত ছাদ থেকে নিচে নামার চেষ্টা করেন। একপর্যায়ে সিঁড়িতে পা পিছলে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সকালে সহকর্মীরা সিঁড়িতে সৌরভের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
গতকাল মঙ্গলবার বিকালে জেদ্দা থেকে সৌরভের মৃত্যুর খবর রায়পুরায় তার বাড়িতে পৌঁছায়।
মা রেনু বেগম আর্তনাদ করে বলছেন, ‘সৌরভ আমার একমাত্র ছেলে ছিল। দিনে বহুবার ফোন করে আমার খোঁজ নিত। এখন আমি কাকে নিয়ে বাঁচব? সরকারের কাছে আমার একটাই দাবি, আমার বুকের ধনকে যেন শেষবারের মতো একবার দেখতে পারি, নিজের হাতে যেন ছেলেকে দাফন করতে পারি।’
সৌরভ জেদ্দার ‘আলসাইম’ কোম্পানিতে একটি ব্যাংকে অফিস সহকারী (টি-বয়) হিসেবে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ছুটি কাটিয়ে তিনি আবার সৌদিতে যান।
সৌরভের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন তার স্বজন তৌহিদুল ইসলাম ও কামাল মিয়া।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা জানান, তিনি ঘটনাটি জেনেছেন। সৌরভের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মরদেহ দেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে।



