জাজিরায় বাসের চাকায় পিষ্ট আহত হকারের মৃত্যু, বাস জব্দ

গ্রাফিকস: আগামীর সময়
শরীয়তপুরের জাজিরায় শরীয়তপুর সুপার সার্ভিসের একটি বাসের চাপায় গুরুতর আহত হকার রুহুল আমিন দেওয়ান (৭২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রুহুল আমিন দেওয়ান জাজিরা পৌরসভার কবিরাজ কান্দি এলাকার মৃত মহর আলী দেওয়ানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন বাসে হকারি করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নড়িয়া থেকে ঢাকাগামী শরীয়তপুর সুপার সার্ভিসের একটি বাসে হকারি শেষে জাজিরা পুরাতন বাজার বাসস্ট্যান্ডে নামার সময় অসাবধানতাবশত বাসটির পেছনের চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন রুহুল আমিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, শরীয়তপুর সুপার সার্ভিসের বাসগুলো দীর্ঘদিন ধরেই অনেক ক্ষেত্রে অতিরিক্ত গতিতে ও বেপরোয়াভাবে চলাচল করে। যাত্রী ওঠানামার সময়ও অনেক চালক প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেন না।
দুর্ঘটনার খবর পেয়ে জাজিরা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে গেলেও জাজিরা পুরাতন বাজার এলাকা থেকে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



