ফতুল্লায় ছুরি মেরে পুলিশ কনস্টেবলকে খুন

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরির আঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবলকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাদক ব্যবসায়ীদের হামলায় তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় তার সঙ্গে থাকা এক সহকারী উপপরিদর্শক (এএসআই) পালিয়ে প্রাণে বাঁচেন।
রবিবার (২২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেওভোগ হাশেমবাগ এলাকায় বায়তুল আল ফালাহ মসজিদের সামনে ঘটে এ ঘটনা। নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, একজন সহকারী উপপরিদর্শক ও একজন কনস্টেবল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে তাদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে এক কনস্টেবল নিহত হয়েছেন। তাদের সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে তার শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তারেক আল মেহেদী আরও জানান, হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেও অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। এ হামলার পেছনে মাদক ব্যবসায়ীদের কোনো চক্র জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে।
অন্যদিকে, স্থানীয়দের ভাষ্য, কাশিপুর-দেওভোগ সীমান্তবর্তী হাশেমবাগ এলাকার একটি পরিত্যক্ত মাঠে কনস্টেবল আনোয়ারের মরদেহ পড়ে ছিল। রাত ১০টার দিকে স্থানীয় পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানান, চলমান শ্রমিক অসন্তোষের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে আনোয়ার হোসেন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের হামলার শিকার হন। তাকে লক্ষ্য করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম জানান, কোনো একটি ঘটনার তদন্তের জন্য সাদা পোশাকে ঘটনাস্থলে গিয়েছিলেন কনস্টেবল আনোয়ার হোসেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার পরিচয় জানতে পেরে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে যায়।
চলতি বছরের মে মাসে একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মালিকানাধীন বাড়িতে লুটপাটের অভিযোগের তদন্তে গিয়ে পাঁচজনকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে আটক ব্যক্তিদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ জানিয়েছিল, ওই ব্যক্তিদের বিরুদ্ধেও মাদক ব্যবসা ও কিশোর অপরাধী দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।




