সোনারগাঁয়ে ট্রাকের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, চালক নিহত

কাঁচপুর হাইওয়ে থানা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-সিলেট মহাসড়কে চলন্ত ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে মো. ইসমাইল (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
এ ঘটনায় ট্রাকের হেলপার রায়হান হোসেন (২০) আহত হয়েছেন।
অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি ট্রাকের ওপর উল্টে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
আজ রবিবার রাত সাড়ে ৭টার দিকে মহাসড়কের কাঁচপুর এলাকায় স্কয়ার নীট কম্পোজিট গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল ও আহত রায়হানের বাড়ি কোথায়, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী হানিফ জানান, তিনি রূপগঞ্জের গাউছিয়া থেকে কাঁচপুরের দিকে আসার পথে একটি কাভার্ডভ্যানকে ট্রাকের ওপর উল্টে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, কাভার্ডভ্যানটি বেপরোয়াভাবে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ওপর পড়ে। এতে ট্রাকচালক নিহত হন এবং হেলপার আহত হন।
দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। তীব্র যানজটে দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা রাত ৯টার দিকে একজন নিহত ও একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।



