দুর্গাপুরে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

ছবি: আগামীর সময়
নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্গাপুর পর্যটন শিল্প উন্নয়ন সমবায় সমিতির যৌথ উদ্যোগে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, পর্যটন ব্যবসায়ী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্গাপুর পর্যটন শিল্প উন্নয়ন সমবায় সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর।
সভায় বক্তারা বলেন, মেঘালয় সীমান্তঘেঁষা দুর্গাপুর প্রাকৃতিক সৌন্দর্য ও ভৌগোলিক বৈচিত্র্যে সমৃদ্ধ। সোমেশ্বরী নদী, গারো পাহাড় এবং বিজয়পুরের সাদামাটির পাহাড় এ অঞ্চলের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। তবে সম্ভাবনা থাকা সত্ত্বেও দুর্গাপুরের পর্যটন খাত এখনো পুরোপুরি বিকশিত হয়নি।
পর্যটন খাতের উন্নয়নে উন্নত সড়ক যোগাযোগ, পর্যটন অবকাঠামো, মানসম্মত আবাসন ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। এসব সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে দুর্গাপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে বলে তারা মত দেন।
এ সময় দুর্গাপুরের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা, পর্যটন ব্যবসায়ী, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



