আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গোপালগঞ্জে আহত ১৭

সংগৃহীত ছবি
গোপালগঞ্জের কাশিয়ানীতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মওলা ও গোরা গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের ১৭ জন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খলিশাখালী গ্রামে ঘটে এ সংঘর্ষের ঘটনা।
আহত ব্যক্তিদের প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের মধ্যে একজনকে ঢাকায় এবং চারজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গোরা গ্রুপের প্রধানের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, নানা কারণে মওলা গ্রুপের সঙ্গে তাদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে ছোটদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মওলা গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তাদের গ্রুপের ১৩ জন আহত হয়েছেন।
অন্যদিকে, মওলা গ্রুপের চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে মওলা গ্রুপের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা।




