সারা বছর ১০টা থেকে ১টা পর্যন্ত চলে ক্লাস, ২৮ পরীক্ষার্থীর সবাই ফেল

সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ২৮ জন শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, সরকারি নিয়মের তোয়াক্কা না করে মাদ্রাসাটিতে সারা বছর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নামমাত্র ক্লাস চলে। অনেক শিক্ষকই নিয়মিত ক্লাসে উপস্থিত হন না। শিক্ষকদের চরম অবহেলা ও গাফিলতির কারণেই এমন ফল বিপর্যয় ঘটেছে।
ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বললেন, ‘মাদ্রাসার শিক্ষকরা ঠিকমতো পড়ালেখা করান না এবং নিয়মিত মাদ্রাসায় আসেন না। তারা শুধু মাস শেষে বেতন তোলেন। ফলে এলাকার সচেতন অভিভাবকরা তাদের সন্তানদের এই মাদ্রাসায় আর ভর্তি করান না। বিগত ১০ বছর ধরেই এখানে শিক্ষার্থী সংকট এবং ক্রমাগত ফল খারাপ হচ্ছে।’
ফলাফল বিপর্যয়ের বিষয়ে জানতে চাইলে কুড়ুলগাছি দাখিল মাদরাসার সুপার আব্দুস সামাদ জানালেন, শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসে না। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেও ফলাফল ভালো করা যায়নি। আগামীতে ভালো ফলাফলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাফিজুল ইসলাম জানিয়েছেন, তিনি ইতিপূর্বে একাধিকবার ওই মাদ্রাসায় গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। কেন শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হলো তা খতিয়ে দেখা হবে।






