মাছ দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, যুবক আটক

গ্রাফিকস: আগামীর সময়
বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছরের এক কিশোরীকে মাছের ঘেরে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুমন শিকদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকালে উপজেলার সিগনাল টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সুমন ওই এলাকার বাসিন্দা।
কিশোরীর পরিবারের সদস্যদের অভিযোগ, গত রবিবার দুপুরে মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েটিকে একটি মাছের ঘেরে নিয়ে যান সুমন। সেখানে তাকে ধর্ষণ করেন তিনি। বিষয়টি কাউকে না জানানোর জন্য কিশোরীকে ভয়ভীতি দেখান সুমন। পরে সে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার বাবা-মাকে ঘটনাটি জানায় সে। স্বজনরা তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।
মোংলা থানার ওসি আতিকুর রহমানের ভাষ্য, কিশোরীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর সুমনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
কিশোরীর পরিবারের অভিযোগ ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।




