গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ ১৭টি কারখানা

শ্রমিকেরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ছবি: আগামীর সময়
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ১৭টি কারখানা বন্ধ আছে। জেলার অন্য কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি।
আজ সোমবার সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। পরে তারা এক জায়গায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, ওই দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ১৭টি কারখানা বন্ধ আছে বলেও জানান তিনি।




