সিলেট সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালানির মালামাল জব্দ

ছবি: আগামীর সময়
সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭৯ লাখ টাকার বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম ও মিনাটিলা বিওপি এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ক্লোবেটাসল (ক্লোপজি) ক্রিম, মহিষ, গরু, কম্বল, জুস, জিরা, বিভিন্ন ধরনের সবজি, শনপাপড়ি, চা-পাতা, চকলেট, ফল, সুপারি ও বিস্কুট জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন, পাথর, অবৈধ মালামাল বহনকারী ট্রলি এবং একটি বারকী নৌকাও আটক করা হয়েছে।
জব্দ করা চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ৭৮ লাখ ৯৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেছেন, সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।






