‘চাঁদা না দিলে দোকান বন্ধ’—বলেই ব্যবসায়ীকে মারধর, আটক ১

আব্দুল্লাহ আল সোহান
নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধর, তার দোকানে ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল্লাহ আল সোহান (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে মোহনগঞ্জ পৌরসভার খাদ্যগুদামের বিপরীতে পিংকি সাইকেল স্টোর নামের দোকানে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর নাম সবুজ মিয়া (৬০)। তিনি পৌরসভার মাইলোড়া এলাকার মৃত আব্দুল ওহেদ মিয়ার ছেলে। আটক সোহান মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বড়কাশিয়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজ মিয়া দীর্ঘদিন ধরে ওই দোকানে ব্যবসা করছেন। কয়েকদিন আগে আব্দুল্লাহ আল সোহান তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকিও দেন। ঘটনার দিন বিকেলে সোহানসহ অজ্ঞাতপরিচয় আরও তিনজন দোকানে গিয়ে আবারও চাঁদা দাবি করেন। সবুজ মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তার ওপর হামলা চালান। এ সময় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তার নাক গুরুতর জখম হয়। একপর্যায়ে হামলাকারীরা দোকানের মালামাল ভাঙচুর করেন এবং ক্যাশে থাকা ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যান।
এ সময় আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। যাওয়ার সময় মামলা করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে বলা হয়েছে। পরে স্থানীয়রা আহত সবুজ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী সবুজ মিয়া বললেন, ‘তুই জানছনা, তরে মোবাইল করছিলামনা, তুই মোবাইল ধরসনা কেরে, জানছনা তুই আমারে ডেইলি ২ হাজার টাকা দেওন লাগবো আইজ থাক্কা, কইয়াই আমারে ঘুষি মাড়ছে, ঘুষি মাইড়াই আমারে লাত্থি মাইরা পালাইয়া দিছে। দিয়াই ক্যাশ থাক্কা টেহা নিছেঘা, মোবাইল নিছেঘা।’
এ ঘটনায় সবুজ মিয়ার ছোট ভাই মোহাম্মদ কমল মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। তিনি বলেছেন, তার ভাই শারীরিক ও মানসিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে আরও হামলার আশঙ্কায় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মোহনগঞ্জ বণিক সমিতির সভাপতি মো. মাসুদ মিয়া জানিয়েছেন, হাসপাতালে গিয়ে আহত সবুজ মিয়াকে দেখে এসেছেন। দিনদুপুরে এমন ঘটনা খুবই দুঃখজনক। খুবই খারাপ কাজ করেছে। সোহান ছেলেটি চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। সে যে ঘটনাটি ঘটিয়েছে, তা অত্যন্ত জঘন্য ও নিন্দনীয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর ইসলাম হারুন জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার রাতেই সোহানকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।




